বাংলায় এসআইআর জট কাটাতে এবার ময়দানে প্রধান বিচারপতি

বাংলায় এসআইআর জট কাটাতে এবার ময়দানে প্রধান বিচারপতি

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা ও এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া নজিরবিহীন অচলাবস্থা কাটাতে এবার সরাসরি হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবারই জরুরি বৈঠকে বসছেন প্রধান বিচারপতি সুজয় পাল। এই হাই-প্রোফাইল বৈঠকে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি পীযূষ পাণ্ডে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের উপস্থিত থাকার কথা।

সুপ্রিম কোর্টের কড়া দাওয়াই

রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক গরমিল এবং এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে মামলা গড়িয়েছিল দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশের অন্য কোথাও দেখা যায়নি। এই বিশৃঙ্খলা দূর করতে কলকাতা হাইকোর্টকে বিশেষ ক্ষমতা দিয়েছে শীর্ষ আদালত।

জেলায় জেলায় নজরদারি

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ার তথ্যগত অসঙ্গতি খতিয়ে দেখতে প্রতিটি জেলায় বিশেষ আধিকারিক নিয়োগ করবেন প্রধান বিচারপতি। এই দায়িত্ব সামলাবেন হাইকোর্টের বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারপতিরা। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, যা মানতে বাধ্য থাকবে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন।

নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে এবং ভোটার তালিকার ত্রুটি মেটাতে হাইকোর্টের এই হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ২৮ ফেব্রুয়ারির সময়সীমার মধ্যে এই আইনি জট কতটা খোলে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *