প্রধানমন্ত্রীর বাড়ির পাশেই উচ্ছেদ অভিযান, ৬ মার্চের মধ্যে ঘর ছাড়তে হবে ৭১৭ পরিবারকে

প্রধানমন্ত্রীর বাড়ির পাশেই উচ্ছেদ অভিযান, ৬ মার্চের মধ্যে ঘর ছাড়তে হবে ৭১৭ পরিবারকে

নয়াদিল্লি: দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এবার বড়সড় বদল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন ‘লোককল্যাণ মার্গ’ সংলগ্ন তিনটি বস্তি এলাকায় শুরু হয়েছে ব্যাপক উচ্ছেদ প্রক্রিয়া। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৬ মার্চের মধ্যে ওই এলাকার মোট ৭১৭টি পরিবারকে ঘর খালি করতে হবে।

এই উচ্ছেদ অভিযানের আওতায় রয়েছে ভাই রাম ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি ক্যাম্প। নির্দিষ্ট সময়ের মধ্যে এলাকা না ছাড়লে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রশাসন। যদিও এই পদক্ষেপকে ‘পরিকল্পিত উন্নয়ন’ হিসেবে দাবি করছে কেন্দ্র, তবে দিল্লির রাজনৈতিক মহলে এটি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

কোথায় হবে পুনর্বাসন?

উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে একেবারে ঘরছাড়া করছে না সরকার। দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ড (DUSIB)-এর মাধ্যমে বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম দিল্লির সাভদা ঘেভরা অঞ্চলে নির্মিত ফ্ল্যাটে এই ৭১৭টি পরিবারকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস পুরো প্রক্রিয়াটি তদারকি করছে।

দূরত্ব নিয়ে বাড়ছে উদ্বেগ

সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা থাকলেও বাসিন্দাদের মধ্যে দানা বাঁধছে ক্ষোভ। কারণ, লোককল্যাণ মার্গ থেকে সাভদা ঘেভরা কলোনির দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। কর্মস্থল, সন্তানদের স্কুল-কলেজ এবং দৈনন্দিন জীবিকা ছেড়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন নিম্নআয়ের এই মানুষগুলো। উন্নয়নের এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা বিঘ্নিত হবে, তা নিয়েই এখন উঠছে প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *