ফের রক্তাক্ত হওয়ার ছক দিল্লিতে? লালকেল্লা ও চাঁদনি চকে লস্কর হানার ভয়ংকর সতর্কতা

ফের রক্তাক্ত হওয়ার ছক দিল্লিতে? লালকেল্লা ও চাঁদনি চকে লস্কর হানার ভয়ংকর সতর্কতা

নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে কি বড়সড় জঙ্গি হামলার মেঘ ঘনীভূত হচ্ছে? গোয়েন্দা সূত্রে পাওয়া সাম্প্রতিক এক বিস্ফোরক রিপোর্টে কার্যত ঘুম উড়েছে নিরাপত্তা সংস্থাগুলির। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা পুরনো দিল্লির ঐতিহাসিক লালকেল্লা এবং অত্যন্ত জনবহুল চাঁদনি চক এলাকাকে নিশানা করে নাশকতার ছক কষছে বলে জানা গেছে। বিশেষ করে ওই এলাকার মন্দির ও ঐতিহ্যবাহী স্থানগুলোতে আইইডি (IED) বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা রয়েছে জঙ্গিদের।

গোয়েন্দাদের আশঙ্কা, গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনার প্রতিশোধ নিতেই ভারতে এই হামলার নীল নকশা তৈরি করা হয়েছে। শুধুমাত্র দিল্লি নয়, দেশের একাধিক গুরুত্বপূর্ণ মন্দিরও এখন জঙ্গিদের হিটলিস্টে রয়েছে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

এই হাই-অ্যালার্ট জারির পরেই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলি। পুরনো দিল্লির অলিগলিতে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। প্রতিটি মোড়ে চলছে কড়া তল্লাশি এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে কড়া নজরদারি। পর্যটন কেন্দ্র ও ধর্মীয় স্থানগুলোর আশেপাশে নিয়মিত ‘অ্যান্টি স্যাবোটাজ চেকিং’ চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছিল, যাতে প্রাণ হারিয়েছিলেন ১২ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাজধানীতে জঙ্গি হানার এই ইনপুট রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তদন্তে উঠে এসেছে যে, হরিয়ানা ভিত্তিক একটি শক্তিশালী জঙ্গি মডিউল এই ধরণের নাশকতায় মদত দিচ্ছে। ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পর থেকেই জঙ্গিরা মরিয়া হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকেও চরম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। ভিড় এলাকায় কোনও সন্দেহজনক বস্তু বা ব্যক্তিকে দেখলেই দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। উৎসবের মরসুমের আগে দিল্লিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে কোনও খামতি রাখছে না কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *