অ্যাকসেনচারে পদোন্নতির চাবিকাঠি এখন কৃত্রিম মেধা, জারি কড়া নির্দেশিকা

বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাকসেনচার তাদের কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কৃত্রিম মেধা বা এআই (AI) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। সম্প্রতি সংস্থার ম্যানেজমেন্ট বোর্ডের পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার এবং অ্যাসোসিয়েট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিকদের ইমেল মারফত জানানো হয়েছে যে, কর্মক্ষেত্রে নিয়মিত এআই টুল ব্যবহার না করলে তাঁদের পদোন্নতি আটকে যেতে পারে। মূলত ২০২৫-২৬ আর্থিক বর্ষের মূল্যায়ন প্রক্রিয়াতেই এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
সংস্থার সিইও জুলি সুইট জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে দৈনন্দিন কাজের ধরনে আমূল বদল আনা প্রয়োজন। ইতিপূর্বে দক্ষতাহীনতার কারণে ১১,০০০ কর্মীকে ছাঁটাই করার পর, এবার কৃত্রিম মেধা প্রযুক্তিতে কর্মীদের আরও সম্পৃক্ত করতে কয়েক কোটি ডলার লগ্নির পরিকল্পনা নিয়েছে এই টেক জায়ান্ট। কর্তৃপক্ষের মতে, এআই ব্যবহার এখন আর ঐচ্ছিক নয়, বরং পেশাদার উন্নতির জন্য অপরিহার্য।
অ্যাকসেনচারের এই সিদ্ধান্ত কর্পোরেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে মাইক্রোসফটের মতো সংস্থাও কর্মীদের এআই প্রযুক্তিতে দক্ষ হওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল। সত্য নাদেলার পথ অনুসরণ করে অ্যাকসেনচারও স্পষ্ট করে দিল যে, যারা আধুনিক প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পারবেন না, তাঁদের কর্মজীবনে এগিয়ে যাওয়া কঠিন হবে। এই পদক্ষেপের ফলে আগামী দিনে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজের সংজ্ঞাই বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।