দিল্লিতে নজরদারি ও জেরার মুখে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী হাসান

হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানকে নিয়ে দিল্লিতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার পর্তুগালের ভিসা নিতে গিয়ে তিনি সেখানে প্রকাশ্যে চিহ্নিত হন। স্থানীয় একটি ভিসা কেন্দ্রে তাকে চিনে ফেলে এক ব্যক্তি ভিডিও রেকর্ড করলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে। এরপর থেকেই তার ওপর কঠোর নজরদারি শুরু হয় এবং একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, ভারত-বিরোধী অবস্থানের কারণে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে।
সূত্রমতে, মাহদী হাসানের ওপর কোনো শারীরিক নিগ্রহ করা হয়নি, তবে বুধবার সকালে দিল্লি বিমানবন্দরে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা তাকে স্পষ্ট জানিয়ে দেন যে, একজন হিন্দু পুলিশ কর্মকর্তাকে হত্যার প্রকাশ্য দাবিদার এবং ভারত-বিদ্বেষী কাউকে সেখানে আশ্রয় দেওয়া হবে না। রাতেই তার ভারতীয় ভিসা বাতিল করা হয় এবং বুধবার বিকেলের ফ্লাইটে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
বুধবার বিকেলে দেশে ফিরে মাহদী হাসান দিল্লিতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। তার সঙ্গে বিপুল পরিমাণ ক্রিপ্টো-কারেন্সি থাকার দাবি উঠলেও তিনি সেটিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, এর আগে বাংলাদেশে পুলিশ কর্মকর্তাকে হুমকির ভিডিও এবং পরবর্তীতে গ্রেফতার ও জামিন নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশে অবস্থান করছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন সংশ্লিষ্টরা।