মানুষের হাতেই সুরক্ষিত উইকিপিডিয়া! AI-র রমরমা বাজারে বড় ঘোষণা প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর ঝড়ে যখন গুগল থেকে শুরু করে বড় বড় টেক জায়ান্টরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে, তখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। প্রযুক্তির এই ব্যাপক পরিবর্তনের যুগেও উইকিপিডিয়ার ভবিষ্যৎ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। বরং AI-কে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি সাফ জানিয়েছেন যে, মানুষের তৈরি তথ্যের গুরুত্ব কোনো যন্ত্র কখনো নিতে পারবে না।
জিমি ওয়েলস অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন যে, উইকিপিডিয়া আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার মূল ভিত্তি হলো মানুষের দ্বারা যাচাইকৃত নির্ভুল তথ্য। তাঁর মতে, পাঠকরা উইকিপিডিয়ায় আসেন কারণ তাঁরা জানেন এখানে দেওয়া প্রতিটি তথ্য মানুষ নিজে যাচাই করেছে। AI-র মাধ্যমে নিবন্ধ লেখানোর কোনো পরিকল্পনা তাঁদের নেই। ওয়েলস কড়া ভাষায় বলেন, “আমরা এক মুহূর্তের জন্যও AI-কে উইকিপিডিয়ার নিবন্ধ লিখতে দেওয়ার কথা ভাবব না, কারণ আমরা জানি সেগুলি কতটা ভয়াবহ বা ত্রুটিপূর্ণ হতে পারে।”
বর্তমান সময়ে চ্যাটজিপিটি (ChatGPT) বা অন্যান্য AI টুলগুলো অনেক ক্ষেত্রেই ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করে, যা প্রযুক্তি মহলে ‘হ্যালুসিনেশন’ নামে পরিচিত। জিমি ওয়েলসের দুশ্চিন্তামুক্ত থাকার মূল কারণও এটিই। তিনি মনে করেন, তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার ক্ষেত্রে মানুষের মস্তিষ্ক এবং বিচারবুদ্ধিই শেষ কথা। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রমরমার মাঝেও বিশ্বকোষ হিসেবে উইকিপিডিয়ার আবেদন বিন্দুমাত্র কমবে না বলেই তিনি বিশ্বাস করেন।