বিধায়কের অনুষ্ঠানের জন্য মাঝপথেই বন্ধ স্কুল, মালদার মোথাবাড়িতে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

বিধায়কের অনুষ্ঠানের জন্য মাঝপথেই বন্ধ স্কুল, মালদার মোথাবাড়িতে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

তীব্র উত্তেজনা মালদার মোথাবাড়িতে। খোদ রাজ্যের প্রতিমন্ত্রী তথা বিধায়ক সাবিনা ইয়াসমিনের রাজনৈতিক অনুষ্ঠানের জন্য মাঝপথেই ছুটি দিয়ে দেওয়া হলো স্কুল। শুধু তাই নয়, একাদশ শ্রেণির পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক এবং সাউন্ড বক্স বাজিয়ে চলল উৎসব। এই ঘটনায় গঙ্গাপ্রসাদ হাইস্কুলের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান অভিভাবকরা।

পরীক্ষার মাঝেই প্যান্ডেল ও মাইক

স্থানীয় সূত্রে খবর, মোথাবাড়ির মেহেরাপুর গঙ্গাপ্রসাদ গ্রামে একটি সমবায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয় স্থানীয় হাইস্কুলটিকে। অভিযোগ, স্কুলের ভেতর রীতিমতো প্যান্ডেল এবং বিশাল মঞ্চ বেঁধে চলে আসর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরীক্ষা চলাকালীন স্কুলের পঠনপাঠন শিকেয় তুলে এমন উৎসব চলায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে।

ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

বিক্ষুব্ধ অভিভাবকরা নিজেরাই স্কুলের ভেতরে ঢুকে গোটা ঘটনার ভিডিও করেন এবং তা সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্কুলের বারান্দায় ছাত্রছাত্রীদের বদলে ভিড় করে আছেন রাজনৈতিক নেতা-কর্মীরা। বাড়ির পথে রওনা দেওয়া এক ছাত্রীর কথায়, “স্কুলে ঢুকতেই বলা হলো আজ ছুটি। এমএলএ ম্যাডাম আসছেন, তাই ক্লাস হবে না। পরীক্ষা মাঝপথে ফেলেই আমাদের চলে যেতে বলা হয়েছে।”

বিপাকে প্রধান শিক্ষক ও শাসক দল

সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে অস্বস্তিতে ঘাসফুল শিবির। তৃণমূলের অন্দরেও এই নিয়ে চোরা স্রোত বইতে শুরু করেছে। যদিও এই বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, স্কুলের প্রধান শিক্ষক চরম উদাসীনতার পরিচয় দিয়েছেন। তাঁর দাবি, “বিধায়ক আসছেন বলে আমি অনুষ্ঠান বন্ধ করার সাহস দেখাইনি।”

বিরোধী শিবির এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রবিবার বা ছুটির দিনে এই অনুষ্ঠান অনায়াসেই করা যেত। কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। ঘটনার জেরে গোটা এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *