মহিলাদের নিরাপত্তা ও জরুরি পরিষেবা নিশ্চিতে গুসকরায় চালু হলো সাথী অ্যাপ

পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের গুসকরা ২ গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলাদের সুরক্ষা এবং জরুরি পরিষেবা সুনিশ্চিত করতে ‘সাথী’ নামক একটি বিশেষ ডিজিটাল অ্যাপ চালু করেছে। সম্প্রতি পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই অ্যাপটির উদ্বোধন করা হয়। মূলত ইভটিজিং প্রতিরোধ, দুর্ঘটনাজনিত সহায়তা এবং গর্ভবতী মহিলাদের দ্রুত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।
এই অ্যাপটিতে চারটি প্রধান অপশন রাখা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা এক ক্লিকেই সরাসরি পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে নিজেদের বিপদের বার্তা পৌঁছে দিতে পারবেন। অ্যাপের অ্যাডমিন হিসেবে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা সরাসরি নোটিফিকেশন পাবেন এবং জিপিএস লোকেশন ট্র্যাক করে দ্রুত পুলিশ বা স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় সাধন করবেন। গ্রামীণ এলাকার ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা জোরদার করতেই এই বিশেষ ব্যবস্থা।
গুসকরা ২ গ্রাম পঞ্চায়েতকে চলতি অর্থবর্ষে ‘মহিলা বান্ধব’ পঞ্চায়েত হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পঞ্চায়েত কর্তৃপক্ষের মতে, প্রত্যন্ত এলাকার স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অসহায় অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াতে এই অ্যাপটি ঢাল হিসেবে কাজ করবে। স্থানীয় স্কুলগুলোতে এই অ্যাপের ব্যবহার বিধি ও পাসওয়ার্ড সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়াও দ্রুত শুরু করা হচ্ছে।