চলন্ত লোকাল ট্রেনের কামরায় অন্তঃসত্ত্বা সহযাত্রীর সাধভক্ষণ, নেটদুনিয়ায় ভাইরাল মানবিক ভিডিও

মুম্বইয়ের একটি লোকাল ট্রেনের মহিলা কামরায় এক অনন্য ও হৃদয়স্পর্শী দৃশ্য ধরা পড়েছে। প্রতিদিন একসঙ্গে যাতায়াত করতে করতে তৈরি হওয়া সখ্যতা থেকে এক অন্তঃসত্ত্বা সহযাত্রীর জন্য ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানের আয়োজন করলেন অন্যান্য মহিলারা। চলন্ত ট্রেনের কামরাটিকে গোলাপি বেলুন এবং রঙিন ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সুন্দর শাড়ি ও গয়নায় সজ্জিত হয়ে কামরার মাঝে বসে রয়েছেন ওই তরুণী। সহযাত্রীরা পরম মমতায় তাঁকে আশীর্বাদ করছেন এবং উৎসবের আমেজে মেতে উঠেছেন। অপরিচিত থেকে আত্মজনে পরিণত হওয়া এই মহিলাদের এমন আন্তরিক উদ্যোগ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
ভিডিওটি ‘দিব্যাকদম১০’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম কীভাবে এক টুকরো উৎসবে পরিণত হতে পারে, এই ঘটনা তারই প্রমাণ। নেটাগরিকদের মতে, ছোট ছোট সাধারণ মুহূর্তগুলোই মানুষের জীবনে অসাধারণ স্মৃতি হয়ে থেকে যায়। এই ভিডিওটি বর্তমানে ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে।
https://t.co/mic0dakHwH pic.twitter.com/crWIrwCgfl
— Anonymous_girl (@srutimisra_789) February 18, 2026