দিল্লি-মিরাট করিডোরের মহোদ্বোধন, প্রধানমন্ত্রীর হাতে চালু হচ্ছে দেশের দ্রুততম আঞ্চলিক ট্রেন ও মেট্রো

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রবিবার মিরাটে ১২,৯৩০ কোটি টাকার একগুচ্ছ মেগা প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন। এই সফরের মূল আকর্ষণ হলো দেশের প্রথম ‘নমো ভারত’ আরআরটিএস (RRTS) এবং দিল্লি-মিরাট করিডোরের পূর্ণাঙ্গ পথের যাত্রারম্ভ। দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রী শতাব্দী নগর স্টেশন থেকে মিরাট মেট্রো ও নমো ভারত ট্রেনের ফ্ল্যাগ অফ করবেন এবং এরপর নিজে মিরাট সাউথ পর্যন্ত মেট্রো সফর করবেন।
৮২ কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি দিল্লি ও মিরাটের মধ্যবর্তী দূরত্বকে ঘুচিয়ে দেবে। ঘণ্টায় ১৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগের এই ট্রেনটি দেশের দ্রুততম আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করছে। সরাই কালে খাঁ থেকে নিউ অশোক নগর এবং মিরাটের অবশিষ্ট অংশের উদ্বোধনের ফলে সাহিবাবাদ, গাজিয়াাবাদ ও মোদিনগর হয়ে যাতায়াত এখন অনেক সহজতর হবে। সরাই কালে খাঁ স্টেশনটি রেল, মেট্রো ও বাস টার্মিনাসকে যুক্ত করায় যাত্রীদের ভোগান্তিও কমবে।
মিরাটের জন্য বিশেষ চমক হিসেবে একই ট্র্যাকে ‘নমো ভারত’ ট্রেনের পাশাপাশি চলবে মিরাট মেট্রো। ১২০ কিমি গতিবেগের এই মেট্রোটি দেশের দ্রুততম মেট্রো পরিষেবা হতে চলেছে, যা দক্ষিণ মিরাট থেকে মোদিপুরম পর্যন্ত পথ মাত্র ৩০ মিনিটে অতিক্রম করবে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রকল্পকে রাজধানী ও সংলগ্ন এলাকার সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর এক বিশেষ ‘উপহার’ হিসেবে বর্ণনা করেছেন, যা যাতায়াতের ক্ষেত্রে গতির জোয়ার আনবে।