দেশে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ ইউজিসির, সতর্কবার্তা পড়ুয়াদের

দেশে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ ইউজিসির, সতর্কবার্তা পড়ুয়াদের

সারাদেশে উচ্চশিক্ষার মান ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গত দুই বছরে এই সংখ্যা ২০ থেকে বেড়ে ৩২ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদমহল। ইউজিসি স্পষ্ট জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর বৈধ ডিগ্রি প্রদানের কোনো আইনি অধিকার নেই। ফলে এখান থেকে প্রাপ্ত শংসাপত্র উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।

তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি, যেখানে ১২টি ভুয়ো প্রতিষ্ঠানের হদিশ মিলেছে। এরপরই রয়েছে উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গ থেকেও দুটি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে— কলকাতার ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন’ এবং ঠাকুরপুকুরের ‘ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ’। এছাড়া অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা ও মহারাষ্ট্র-সহ মোট ১২টি রাজ্যে এই জালিয়াতি চক্রের বিস্তার ঘটেছে বলে শনাক্ত করেছে কমিশন।

পড়ুয়া ও অভিভাবকদের প্রতারণার হাত থেকে বাঁচাতে ইউজিসি কড়া সতর্কবার্তা জারি করেছে। যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তার সরকারি স্বীকৃতি ও ইউজিসি অনুমোদন যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো রাজ্য বা কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত নয়, তাই পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষায় এদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা নিয়ামক সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *