চোর সন্দেহে গণপিটুনি, ঝাড়গ্রামে প্রাণ হারালেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েত এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হলেন ৩৩ বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌম্যদীপ চন্দ। গত ৮ ফেব্রুয়ারি রাতে কর্মস্থলে যাওয়ার পথে খড়্গপুরের আনরকলি এলাকায় একদল যুবক তাঁকে ঘিরে ধরে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
পরিবারের দাবি, ডাকাত আতঙ্কের গুজবের জেরে সৌম্যদীপকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত লেগেছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। এলাকায় গত কয়েকদিন ধরেই অপরিচিত ব্যক্তিদের দরজায় টোকা দেওয়া ও লুটপাটের গুজব ছড়িয়েছিল, যার ফলে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছিল। এই পরিস্থিতির শিকার হয়েই অকালে প্রাণ হারাতে হলো ওই যুবককে।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশ মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, বাইক থামানোর নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েই ওই যুবক জখম হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে শনিবার পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।