Big News: এসএসকেএমের ৪ তলায় সাফাইকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
March 20, 202612:51 pm

কলকাতার দুই সরকারি হাসপাতালে পর পর মৃত্যু ঘিরে শুক্রবার চরম উত্তেজনা ছড়িয়েছে। এসএসকেএম হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চারতলার একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে ২২ বছর বয়সী অস্থায়ী সাফাইকর্মী ইমরান সর্দারের ঝুলন্ত দেহ। পুলিশ দরজা ভেঙে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার অনুমান করা হলেও ঘনীভূত হচ্ছে রহস্য।
অন্যদিকে এদিন সকালেই আরজি কর হাসপাতালে লিফটে আটকে প্রাণ হারিয়েছেন অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। অসুস্থ ছেলের অস্ত্রোপচারের জন্য এসে লিফটের যান্ত্রিক গোলযোগে বেসমেন্টে আটকে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। একই দিনে শহরের দুই প্রথম সারির হাসপাতালে এমন জোড়া মৃত্যুতে স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্নে জরুরি বৈঠক ডাকা হয়েছে।