IPL 2026: ধোনির চোট নিয়ে তুঙ্গে জল্পনা, মহির বিকল্প কি তবে সঞ্জু স্যামসন?

IPL 2026: ধোনির চোট নিয়ে তুঙ্গে জল্পনা, মহির বিকল্প কি তবে সঞ্জু স্যামসন?

আইপিএল ২০২৬ শুরু হতে হাতে আর মাত্র কয়েকদিন বাকি। টুর্নামেন্টের প্রস্তুতিতে যখন সব দল ব্যস্ত, তখন ক্রিকেটপ্রেমীদের নজর আটকে চেন্নাই সুপার কিংসে। দীর্ঘ এক বছর পর মহেন্দ্র সিং ধোনিকে মাঠে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকরা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অনুশীলনের ভিডিও সিএসকে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভিডিওটিতে ধোনিকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে, যা তাঁর পুরনো হাঁটুর চোট নতুন করে মাথাচাড়া দেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন চেন্নাই শিবিরে ধোনির ফিটনেস এখন সবথেকে বড় প্রশ্ন। ২০২৩ সাল থেকেই হাঁটুর সমস্যায় ভুগলেও ধোনি দাপটের সঙ্গে খেলে আসছেন। তবে আসন্ন মরশুমে তিনি যদি সম্পূর্ণ ফিট না হতে পারেন, তবে উইকেটকিপিংয়ের গুরুদায়িত্ব সামলাতে পারেন স্কোয়াডে নতুন অন্তর্ভুক্ত হওয়া সঞ্জু স্যামসন। ধোনির চোট গুরুতর হলে ফ্যানেদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ওই দিনই স্পষ্ট হবে প্রাক্তন অধিনায়ক ধোনিকে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে কিংবা তিনি আদৌ একাদশে থাকছেন কি না। বর্তমানে ক্রিকেট মহলে ধোনির খেলা নিয়ে সংশয় থাকলেও, শেষ মুহূর্ত পর্যন্ত মাহির ম্যাজিক দেখার আশায় বুক বাঁধছেন অগণিত অনুরাগী। সিএসকে ম্যানেজমেন্টও ধোনির শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *