ঘুমানোর সময় আপনার শরীর কি আসলে রিপেয়ার সেন্টার হয়ে ওঠে? জানুন ঘুমের আসল রহস্য

নিউজ ডেস্ক: শরীরচর্চা আর ডায়েট নিয়ে আমরা যতটা সচেতন, ঠিক ততটাই উদাসীন ঘুম নিয়ে। পুষ্টিবিদ রায়ান ফার্নান্দোর মতে, ঘুম কেবল বিশ্রাম নয় বরং এটি শরীরের অভ্যন্তরীণ ক্ষয়পূরণের একটি প্রাকৃতিক প্রক্রিয়া। ঘুমের সময় আমাদের শরীরের স্টেম সেলগুলো সক্রিয় হয়ে ওঠে এবং ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে ‘কন্ট্রাক্টর’-এর মতো কাজ করে।
বিশেষজ্ঞরা বলছেন, গভীর ঘুমের সময় শরীরে ‘গ্রোথ হরমোন’ নিঃসৃত হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চিকিৎসকদের মতে, দৈনিক অন্তত ৭ ঘণ্টা গভীর ঘুম অপরিহার্য। ঘুমের ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, স্থূলতা, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ‘স্লো ওয়েভ স্লিপ’ পর্যায়ে পেশির মেরামত ও মস্তিষ্কের বর্জ্য পরিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন হয়। তাই সুস্থ থাকতে সুষম খাবার ও ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত ঘুমকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।