চিনে খুদেদের শাসনে বদলে যাচ্ছে সংসার, রিভার্স পেরেন্টিংয়ে শৈশব হারাচ্ছে নতুন প্রজন্ম

চিনে বর্তমান পারিবারিক সম্পর্কের চিরাচরিত সংজ্ঞা বদলে দিচ্ছে ‘রিভার্স পেরেন্টিং’ নামক এক নতুন প্রবণতা। যেখানে এতদিন অভিভাবকরা সন্তানদের শাসন করতেন, সেখানে এখন উলটপুরাণ লক্ষ্য করা যাচ্ছে। কঠোর কর্পোরেট সংস্কৃতি ও ইঁদুর দৌড়ে ক্লান্ত বাবা-মায়েরা যখন মানসিকভাবে ভেঙে পড়ছেন, তখন তাঁদের নাবালক সন্তানরাই অভিভাবকের ভূমিকা পালন করছে। সন্তানদের এই বয়সেই ঘর সামলানো থেকে শুরু করে বড়দের জীবনযাপনের দিশা দেখানোর বিষয়টি সমাজবিজ্ঞানীদের অবাক করছে।
এই পরিবর্তনের মূলে রয়েছে চিনের দীর্ঘদিনের ‘এক সন্তান নীতি’ এবং আধুনিক প্রজন্মের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা। নিঃসঙ্গ শৈশবে বড় হওয়া সন্তানরা বাবা-মায়ের একমাত্র বন্ধু ও পরামর্শদাতা হয়ে উঠছে। তারা শুধু সান্ত্বনা দিয়েই ক্ষান্ত থাকছে না, বরং বড়দের কেরিয়ার ও লাইফস্টাইল নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে এবং প্রয়োজনে কাউন্সেলিংও করাচ্ছে। বাবা-মায়ের মানসিক অবসাদ দূর করতে শিশুরা নিজেদের খেলার ছলে বড়দের বড় হয়ে ওঠার পাঠ দিচ্ছে।
তবে এই প্রবণতা যেমন বড়দের মানসিক চাপ সাময়িকভাবে কমাচ্ছে, তেমনই ডেকে আনছে নতুন বিপদ। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে বাবা-মায়েরা ক্রমশ পরনির্ভরশীল হয়ে পড়ছেন এবং শিশুরা অকালেই তাদের শৈশব হারিয়ে বার্ধক্যের গাম্ভীর্যে জড়িয়ে পড়ছে। খেলার মাঠে ব্যাট-বল নিয়ে দৌড়ানোর বয়সে চিনের খুদেরা এখন সংসারের হাল ধরে সময়ের আগেই প্রবীণ হয়ে উঠছে, যা ভবিষ্যতের জন্য এক উদ্বেগের বিষয়।