সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে সাবধান, কত বছরের পুরনো মডেল আপনার জন্য সেরা জেনে নিন

বাজেট কম থাকায় অনেকেই নতুন গাড়ির বদলে সেকেন্ড হ্যান্ড বা পুরনো গাড়ি কেনাকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করেন। তবে সস্তায় গাড়ি কিনতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিলে লাভের চেয়ে লোকসান বেশি হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, পুরনো গাড়ি কেনার ক্ষেত্রে সেটির বয়স কত, তা যাচাই করা অত্যন্ত জরুরি। একটি সঠিক বয়সের গাড়ি নির্বাচন করলে আপনি যেমন অর্থ সাশ্রয় করতে পারবেন, তেমনই পাবেন উন্নত পারফরম্যান্স।
গাড়ি বিশেষজ্ঞদের মতে, সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে ২ থেকে ৫ বছর পুরনো মডেল কেনাই সবচেয়ে লাভজনক। সাধারণত একটি নতুন গাড়ি শোরুম থেকে বের হওয়ার পর খুব দ্রুত তার বাজারমূল্য হারাতে শুরু করে। তিন বছর অতিক্রান্ত হলে গাড়ির দাম অনেকটা কমে যায়, অথচ তার কার্যক্ষমতা ও নির্ভরযোগ্যতা প্রায় নতুনের মতোই থাকে। অনেক ক্ষেত্রে এই বয়সের গাড়ির ওপর কো ম্পা নির ওয়ারেন্টিও বহাল থাকে। এছাড়া সানরুফ বা টাচস্ক্রিনের মতো আধুনিক ফিচারগুলোও এই মডেলগুলোতে সহজেই পাওয়া যায়।
তবে শুধুমাত্র গাড়ির বয়সের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ৫ বছর পুরনো কিন্তু কম চলা (যেমন ৩০,০০০ কিমি) একটি গাড়ি, ২ বছর পুরনো অথচ অনেক বেশি চলা (যেমন ৮০,০০০ কিমি) গাড়ির তুলনায় অনেক বেশি টেকসই হতে পারে। তাই কেনার আগে গাড়ির সার্ভিস রেকর্ড এবং রক্ষণাবেক্ষণের ইতিহাস ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। টায়ার, সাসপেনশন এবং ইঞ্জিনের অবস্থা কোনো দক্ষ মেকানিক দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে বড় কোনো আর্থিক ক্ষতির মুখে পড়তে না হয়।
অন্যদিকে, ১০ বছরের বেশি পুরনো গাড়ি কেনা থেকে বিরত থাকাই শ্রেয়। পুরনো প্রযুক্তির কারণে এই গাড়িগুলোতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যেমন—এয়ারব্যাগ বা উন্নত এডিএএস (ADAS) সিস্টেমের অভাব থাকে। পাশাপাশি পুরনো গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যা আপনার রক্ষণাবেক্ষণ খরচ বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাই নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের জন্য খুব পুরনো মডেলের বদলে মধ্যম বয়সের গাড়ি বেছে নেওয়া সবচেয়ে নিরাপদ।