১২৫ কোটির চুক্তি থেকে ৭০০ কোটির সম্পত্তি! বাংলা বিগ বসের হাত ধরে কি আরও ধনী হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
২২ গজের রেকর্ড ভেঙে এবার বিনোদনের আঙিনায় দাপট দেখাতে আসছেন মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই এক বিরাট ব্র্যান্ড, আর এবার ‘বিগ বস বাংলা’র হাত ধরে তাঁর সম্পত্তির খতিয়ান নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিভিন্ন সূত্র অনুযায়ী, স্টার জলসার সঙ্গে দুটি রিয়েলিটি শো-র জন্য চার বছরে প্রায় ১২৫ কোটি টাকার চুক্তিতে সই করেছেন দাদা। আগামী সেপ্টেম্বর মাস থেকেই সঞ্চালক হিসেবে দাদাকে এক ভিন্ন অবতারে দেখতে পাবেন দর্শক।
বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি আইপিএল, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং রিয়েল এস্টেট থেকে এই বিপুল আয় করেছেন তিনি। বিসিসিআই সভাপতি থাকাকালীন বার্ষিক ৫ কোটি টাকা বেতন পেতেন তিনি। এছাড়া বন্ধন ব্যাংক, মাই ১১ সার্কেল এবং ডাবরের মতো নামী ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে বছরে প্রায় ২-৩ কোটি টাকা আয় করেন। শুধু কলকাতাতেই নয়, লন্ডনেও রয়েছে তাঁর বিলাসবহুল আবাসন।
নতুন এই শো নিয়ে সৌরভ নিজেও বেশ উত্তেজিত। তিনি জানান, হিন্দি বিগ বসের কিছু অংশ তিনি দেখলেও শো-টি তাঁর কাছে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা হতে চলেছে। দাদাগিরির মঞ্চ মাতিয়ে এবার বিগ বসের অন্দরে মহারাজ কেমন পারফর্ম করেন, এখন সেটাই দেখার।