পরপর দুই সন্তানের জন্মে কত বছরের ব্যবধান রাখা জরুরি, জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

দম্পতিদের জীবনে বাবা-মা হওয়া অত্যন্ত আনন্দের মুহূর্ত হলেও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সময়ের ব্যবধান রাখা অত্যন্ত জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, প্রথম সন্তানের জন্মের পর দ্বিতীয় সন্তানের জন্য অন্তত ১৮ থেকে ২৩ মাস অপেক্ষা করা উচিত। এর চেয়ে কম সময়ের ব্যবধানে গর্ভধারণ করলে নবজাতকের ওজন কমে যাওয়া বা সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ার মতো ঝুঁকি থাকে। এমনকি দুই শিশুর একসঙ্গে লালন-পালন বাবা-মায়ের ওপর অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপের সৃষ্টি করে, যা পরবর্তীকালে পারিবারিক জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।
মায়ের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে চিকিৎসকরা কমপক্ষে দুই বছরের বিরতি নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দ্রুত দ্বিতীয়বার গর্ভধারণ করলে প্রসবের সময় জটিলতা এমনকি প্রাণহানির আশঙ্কাও থাকে। বিশেষ করে প্রথম প্রসবের ধকল কাটিয়ে উঠতে শরীরের নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। তবে ৩০ বছরের বেশি বয়সী মহিলাদের ক্ষেত্রে উর্বরতা কমে যাওয়ার সম্ভাবনা থাকায় তারা অন্তত এক বছরের বিরতি নিয়ে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করতে পারেন। সঠিক সময়ের ব্যবধান মা ও শিশু উভয়ের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করে।