রাতে ঘুমানোর ঠিক কতক্ষণ আগে জল খাওয়া জরুরি জেনে নিন বিশেষজ্ঞের মত
ডিনার শেষ করে কি অনেকটা জল খেয়েই বিছানায় যান? যদি এমনটা করে থাকেন, তবে নিজের অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো! বিশেষজ্ঞরা বলছেন, শরীরের আর্দ্রতা বজায় রাখা বা ডিহাইড্রেশন রোধে জলের ভূমিকা অপরিসীম হলেও, সময় না মেনে জল খেলে হিতে বিপরীত হতে পারে।
কেন রাতে জল খাওয়া প্রয়োজন
শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ থেকে শুরু করে দূষিত পদার্থ বের করে দেওয়া পর্যন্ত প্রতিটি শারীরবৃত্তীয় কাজে জলের প্রয়োজন। এমনকি ঘুমের মধ্যেও শ্বাস-প্রশ্বাস এবং ঘামের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যায়। ২০২৫ সালের একটি গবেষণা জানাচ্ছে, রাতে সামান্য জল খেলে পরের দিন সকালে মনও ফুরফুরে থাকে এবং অবসাদ দূর হয়।
কখন এবং কতটা জল খাবেন
চিকিৎসকদের মতে, ঘুমানোর ঠিক আগমুহূর্তে পেট ভরে জল খাওয়া একদমই উচিত নয়। এতে মাঝরাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যা আপনার নিরবচ্ছিন্ন ঘুমের ব্যাঘাত ঘটায়। ফলে পরদিন ক্লান্তি ও অস্বস্তি বোধ হতে পারে। তাই শরীরকে হাইড্রেটেড রাখতে ডিনারের কিছুক্ষণ পর এবং ঘুমানোর অন্তত ৩০ থেকে ৪৫ মিনিট আগে পরিমিত জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এতে পেশিতে টান ধরা বা ডিহাইড্রেশনের সমস্যাও যেমন এড়ানো যায়, তেমনি ঘুমের মানও ভালো থাকে।