রাতে পায়ের পেশিতে টান, বড় কোনো রোগের আগাম সংকেত নয় তো?

মাঝরাতে হঠাৎ পায়ের পেশিতে টান ধরে ঘুম ভেঙে যাওয়া একটি পরিচিত সমস্যা। অনেকেই একে জলশূন্যতা বা ক্যালসিয়ামের অভাব মনে করে অবহেলা করেন। তবে চিকিৎসকদের মতে, এই সাধারণ উপসর্গটি বড় কোনো হৃদরোগ বা রক্তনালীর সমস্যার আগাম সংকেত হতে পারে। বিশেষ করে রক্তনালীতে ব্লকেজ থাকলে পেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না, যা থেকে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘পেরিফেরাল আর্টারি ডিজিজ’ বলা হয়, যেখানে পায়ের রক্তপ্রবাহ ক্রমশ কমে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডায়াবেটিস আক্রান্ত এবং ধূমপায়ীদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। এছাড়া শরীরে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হওয়া বা হার্ট ফেলিওরের কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যদি সপ্তাহে একাধিকবার পেশিতে টান ধরে কিংবা হাঁটার সময় ব্যথা বাড়ে এবং বিশ্রাম নিলে কমে যায়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি পায়ের ত্বক অস্বাভাবিক ঠান্ডা থাকা বা কোনো ক্ষত শুকাতে দীর্ঘ সময় লাগাও গুরুতর রক্তসঞ্চালন সমস্যার লক্ষণ হতে পারে। তাই শরীরের এই সংকেতগুলোকে অবহেলা না করে সময়মতো সতর্ক হওয়া জরুরি।