ভারতে ৪০ শতাংশ মানুষ নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত, সতর্ক করল আইসিএমআর

ভারতে ৪০ শতাংশ মানুষ নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত, সতর্ক করল আইসিএমআর

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য। ভারতের প্রায় ৪০ শতাংশ মানুষ বর্তমানে ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার’ ব্যাধিতে আক্রান্ত। মদ্যপানের অভ্যাস না থাকা সত্ত্বেও লিভারে অতিরিক্ত মেদ জমার এই প্রবণতা ক্রমাগত বাড়ছে বলে ইউরোপিয়ান জার্নাল অফ কার্ডিওভাসকুলার মেডিসিনেও উল্লেখ করা হয়েছে। মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন এবং ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসই এই রোগের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার, কায়িক শ্রমের অভাব এবং স্থূলতা এই সমস্যাকে ত্বরান্বিত করছে। শরীরে টক্সিন জমে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয়, যা পরবর্তীকালে লিভারে মেদ হিসেবে জমা হয়। সঠিক সময়ে চিকিৎসা না করালে এই সমস্যা থেকে লিভার সিরোসিস এবং এমনকি ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে। এছাড়া ডায়াবিটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এই রোগের প্রকোপ বেশি দেখা দিচ্ছে।

পেটে অতিরিক্ত মেদ বা ভুঁড়ি, হজমে সমস্যা, দুর্বলতা এবং বমি ভাব এই রোগের প্রাথমিক লক্ষণ। নখ বা চোখ হলদেটে হয়ে যাওয়া কিংবা জন্ডিসের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকদের মতে, জীবনযাত্রায় বদল এনে নিয়মিত শরীরচর্চা এবং পুষ্টিকর খাদ্যাভ্যাসের মাধ্যমেই এই মারণব্যাধি প্রতিরোধ করা সম্ভব। হরমোন থেরাপি বা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণকারীদেরও লিভারের স্বাস্থ্যের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *