অতিরিক্ত ধূমপানে বাড়ছে টাক পড়ার ঝুঁকি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

অতিরিক্ত ধূমপানে কেবল ফুসফুসের ক্ষতি নয়, বরং দ্রুত টাক পড়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। ইংল্যান্ডের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে যে, বংশগত কারণ ছাড়াও চুল পড়ার নেপথ্যে ধূমপানের বড় ভূমিকা রয়েছে। বিশেষ করে যাঁরা দিনে ২০টির বেশি সিগারেট খান, তাঁদের চুল পড়ার সম্ভাবনা অধূমপায়ীদের তুলনায় প্রায় দ্বিগুণ।
গবেষকদের মতে, তামাকের নিকোটিন মাথার ত্বকের সূক্ষ্ম রক্তনালিগুলোকে সংকুচিত করে দেয়। ফলে চুলের গোড়ায় প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পৌঁছাতে পারে না, যা চুলকে দুর্বল করে তোলে। এ ছাড়া তামাকের বিষাক্ত রাসায়নিক চুলের কোষের ডিএনএ নষ্ট করে দেয় এবং অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার মতো সমস্যাকে ত্বরান্বিত করে।
ধূমপান কেবল চুল পড়াই নয়, বরং অকালে চুল পেকে যাওয়ার জন্যও দায়ী। নিকোটিন চুলের প্রাকৃতিক রঞ্জক মেলানিন নষ্ট করে দেয়। তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে, ধূমপান বর্জন করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। এর ফলে চুলের গোড়ায় খনিজ ও ভিটামিন পৌঁছানো সম্ভব হয়, যা চুলের অকাল পতন রোধে সহায়ক।