আধার কার্ডের ওটিপি বদলে দিল খুনের মামলার মোড় দুই বছর পর জীবিত ফিরলেন স্ত্রী

উত্তরপ্রদেশের বাস্তি জেলার সন্দীপ কুমার গত দুই বছর ধরে জানতেন তার স্ত্রী প্রিয়াঙ্কা প্রজাপতি মৃত এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে। এমনকি এই অভিযোগে আদালতের নির্দেশে প্রিয়াঙ্কার বাবা-মায়ের বিরুদ্ধে হত্যা ও তথ্য প্রমাণের লোপাটের মামলাও দায়ের হয়েছিল। দীর্ঘ তদন্তের পর হঠাৎ একদিন সন্দীপের মোবাইলে প্রিয়াঙ্কার আধার কার্ড আপডেট করার একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসে, যা এই রহস্যময় ঘটনার মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়।
পুলিশ ওটিপি-র সূত্র ধরে তদন্তে নেমে জানতে পারে, প্রিয়াঙ্কা আসলে জীবিত এবং রাজস্থানে অন্য এক ব্যক্তির সঙ্গে সংসার করছেন। পারিবারিক কলহের জেরে কয়েক লক্ষ টাকার গয়না ও সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে পালানোর পর তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন এবং শেষে অযোধ্যায় রাজস্থানের এক যুবকের প্রেমে পড়ে সেখানে চলে যান। বর্তমানে পুলিশ প্রিয়াঙ্কাকে উদ্ধার করেছে এবং সন্দীপ তার সন্তানের হেফাজত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, অন্যদিকে মেয়ের এই কাণ্ডে তার পরিবার তাকে ত্যাজ্য ঘোষণা করেছে।