আবারও কন্যাসন্তান হওয়ার আতঙ্ক, অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই মেয়েকে সুইমিং পুলে ডুবিয়ে মারল পাষণ্ড স্বামী

আবারও কন্যাসন্তান হওয়ার আতঙ্ক, অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই মেয়েকে সুইমিং পুলে ডুবিয়ে মারল পাষণ্ড স্বামী

তেলেঙ্গানার হানামকোন্ডা জেলায় এক শিউরে ওঠা অপরাধের ঘটনা প্রকাশ্যে এসেছে। পুনরায় কন্যাসন্তান জন্ম নিতে পারে, এই আশঙ্কায় নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই নাবালিকা কন্যাকে পুলে ডুবিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত আজহারউদ্দিনকে গ্রেফতার করেছে। পেশায় সুইমিং পুলের পরিচালক আজহারউদ্দিন তার স্ত্রী ফারহাত (২৬) এবং দুই মেয়ে উমেরা (৮) ও আয়েশাকে (৬) নিয়ে ওই পুল সংলগ্ন এলাকাতেই বসবাস করত।

তদন্তে জানা গিয়েছে, পর পর দুই কন্যাসন্তান হওয়ার পর ফারহাত আরও দু’বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন। কিন্তু লিঙ্গ নির্ধারণ করে কন্যাসন্তান হতে পারে এই সন্দেহে আজহারউদ্দিন তাকে গর্ভপাত করাতে বাধ্য করে। চার বছর পর ফারহাত পুনরায় অন্তঃসত্ত্বা হলে আবারও গর্ভপাতের জন্য চাপ দিতে থাকে অভিযুক্ত স্বামী। কিন্তু এবার ফারহাত রাজি না হওয়ায় তাকে এবং তার দুই মেয়েকে সুইমিং পুলের ধারে নিয়ে গিয়ে জলে ঠেলে দেয় আজহারউদ্দিন। মর্মান্তিক এই খুনের পর ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে সাজানোর চেষ্টাও করেছিল সে।

মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ আজহারউদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে নিজের অপরাধ স্বীকার করে নেয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে এমন লিঙ্গবৈষম্যমূলক মানসিকতা ও নৃশংস হত্যাকাণ্ড সমাজকে স্তম্ভিত করে দিয়েছে। স্থানীয় প্রশাসন অভিযুক্তের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছে। অভিযুক্তকে বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *