জমি বন্ধক রেখে বিয়ের আয়োজন আর মালাবদলের পরেই প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন কনে

উত্তরপ্রদেশের বারাবাঁকিতে বিয়ের মণ্ডপ থেকে কনে নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাত্র সুনীল কুমার নিজের জমি বন্ধক রেখে ধুমধাম করে বিয়ের আয়োজন করেছিলেন এবং যথাসময়ে সম্পন্ন হয়েছিল মালাবদলের অনুষ্ঠানও। এমনকি আনন্দ উৎসবে বরকে নাচতেও দেখা যায়। কিন্তু বিপত্তি ঘটে ঠিক বিদায়ের মুহূর্তে, যখন দেখা যায় কনে পল্লবী নিজের ঘরে নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাঁর হদিশ না মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুই পরিবারের মধ্যে।
ঘটনার প্রেক্ষিতে বরের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশের অনুমান, বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার সুযোগ নিয়ে মধ্যরাতে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন ওই তরুণী। বর্তমানে পুলিশ নিখোঁজ কনের মোবাইল ফোনের রেকর্ড এবং কল লিস্ট পরীক্ষা করে তাঁর অবস্থান শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। আনন্দঘন পরিবেশে এমন আকস্মিক ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে পাত্রপক্ষ।