ডিমের ঝোল নিয়ে বিবাদ, রাগের মাথায় স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে নিলেন স্ত্রী
উত্তরপ্রদেশের গাজিয়াবাদে রাতের খাবারে ডিমের তরকারি রান্না নিয়ে পারিবারিক কলহ এক নৃশংস রূপ নিয়েছে। ৩২ বছর বয়সি এক নারী তাঁর স্বামীর জিভ কামড়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরেই অভিযুক্ত ইশাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, আক্রান্ত স্বামী বিপিন মিরাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরেও জিহ্বার বিচ্ছিন্ন অংশটি পুনরায় জোড়া লাগানো সম্ভব হয়নি, যার ফলে ওই ব্যক্তি স্থায়ীভাবে কথা বলার শক্তি হারাতে পারেন।
তদন্তে জানা গেছে, গত সোমবার রাতে ডিমের তরকারি খাওয়া নিয়ে দম্পতির মধ্যে চরম বিবাদ শুরু হয়। বিবাদের এক পর্যায়ে অভিযুক্ত নারী তাঁর স্বামীর ওপর চড়াও হন এবং দাঁত দিয়ে কামড়ে জিহ্বার প্রায় ২.৫ সেন্টিমিটার অংশ ছিঁড়ে ফেলেন। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে অশান্তি চলছিল। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত নারী নিজের অপরাধ স্বীকার করলেও দাবি করেছেন যে, রাগের মাথায় তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।