দুর্গাপুরে পৌরনিগমের কাজে ফাটল, ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পাইপলাইনে এলাকায় ব্যাপক আতঙ্ক

দুর্গাপুরে পৌরনিগমের কাজে ফাটল, ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পাইপলাইনে এলাকায় ব্যাপক আতঙ্ক

রবিবার সকালে দুর্গাপুর সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এলাকায় পৌরনিগমের কাজ চলাকালীন ইন্ডিয়ান অয়েল আদানি গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি ঘটে। জেসিবি দিয়ে মাটি কাটার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পাইপলাইন ফেটে দ্রুত গ্যাস ছড়িয়ে পড়তে থাকায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি সংশ্লিষ্ট এলাকার গ্যাসের মেইন ভাল্ব বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সিটি সেন্টারের সেল কো-অপারেটিভসহ বিস্তীর্ণ এলাকায় গৃহস্থালির গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় গ্যাসের পাইপলাইন থাকার সর্তকতা মূলক বোর্ড থাকা সত্ত্বেও জেসিবি দিয়ে কাজ চালানোর সময় পাইপটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় দমকল কর্মী ও টেকনিশিয়ানরা গ্যাসের নির্গমন বন্ধ করতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শীদের মতে, পাইপলাইন ফাটার সময় বিকট শব্দ হয় এবং চারপাশে গ্যাসের কড়া গন্ধ ছড়িয়ে পড়ে। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে এলাকাটি রক্ষা পেয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

দুর্গাপুরের দমকলের ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী ঘোষ জানিয়েছেন, কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করে গ্যাস বেরোনো বন্ধ করেছেন। তবে পাইপলাইনটি পুনরায় মেরামত না করা পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। মেরামতের কাজ শেষ হওয়ার পরেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে পুনরায় গ্যাস পরিষেবা চালু করা হবে। আচমকা এই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্নার কাজে চরম সমস্যায় পড়েছেন এলাকার শত শত সাধারণ মানুষ। কর্তৃপক্ষ দ্রুত পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *