নতুন রূপে লঞ্চ হলো রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, মধ্যবিত্তের নাগালে এখন প্রিমিয়াম ফিচার

তরুণ প্রজন্মের জনপ্রিয় বাইক হান্টার ৩৫০-কে সম্পূর্ণ নতুন অবতারে বাজারে নিয়ে এল রয়্যাল এনফিল্ড। স্টাইল এবং আধুনিকতার মেলবন্ধনে কো ম্পা নিটি এবার ‘বেস প্রিমিয়াম’ নামে একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এই আপডেটের বিশেষত্ব হলো, আগে যে সমস্ত আকর্ষণীয় ফিচার শুধুমাত্র হাই-এন্ড বা টপ মডেলে দেখা যেত, এখন তা অনেক কম বাজেটের মধ্যেই সাধারণ ক্রেতারা পেয়ে যাবেন। মূলত যারা সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম অভিজ্ঞতার খোঁজ করছিলেন, তাদের কথা মাথায় রেখেই এই নতুন সংস্করণটি আনা হয়েছে।
ফিচারের ক্ষেত্রে বড়সড় বদল এনেছে কো ম্পা নি। নতুন বেস প্রিমিয়াম ভ্যারিয়েন্টে পুরনো স্পোক হুইলের পরিবর্তে ব্যবহার করা হয়েছে আধুনিক অ্যালয় হুইল এবং টিউবলেস টায়ার। এতে রয়েছে ১৭-ইঞ্চির কাস্ট অ্যালয় হুইল এবং এমআরএফ টায়ার। এছাড়া রেট্রো লুক ধরে রাখতে দেওয়া হয়েছে গোলাকার হ্যালোজেন হেডলাইট, ডিজি-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং প্রিমিয়াম রোটারি সুইচগিয়ার। রাইডিং আরামদায়ক করতে নতুন সেলাই করা সিট এবং স্পোর্টস গ্র্যাব রেলের পাশাপাশি নিরাপত্তার জন্য সিঙ্গেল-চ্যানেল এবিএস (ABS) ও হালকা ক্লাচ ব্যবহারের জন্য স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ যুক্ত করা হয়েছে।
ইঞ্জিনের শক্তিতে কোনো পরিবর্তন না করে আগের সেই ৩৪৯ সিসি এয়ার/অয়েল-কুলড ইঞ্জিনই রাখা হয়েছে, যা ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ৫-স্পিড গিয়ারবক্স সমৃদ্ধ এই বাইকটি টারম্যাক ব্ল্যাক রঙে পাওয়া যাবে। এছাড়া টপ ভ্যারিয়েন্টের জন্য মুম্বাই ইয়েলো এবং মুনশট হোয়াইট নামে দুটি নতুন রঙের বিকল্প দেওয়া হয়েছে। বর্তমানে হান্টার ৩৫০-এর এই নতুন রেঞ্জের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.৪৯ লক্ষ টাকা থেকে, যা সর্বোচ্চ ১.৬৯ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ৩৫০ সিসি সেগমেন্টে নিজেদের আধিপত্য বজায় রাখতে রয়্যাল এনফিল্ডের এই পদক্ষেপ বাজার মাতাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।