নার্সিং ও সিস্টার টিউটর পদে বিপুল নিয়োগের সুযোগ, আবেদন চলবে ২০ এপ্রিল পর্যন্ত
স্বাস্থ্য পরিষেবায় উজ্জ্বল ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ নিয়ে এল মধ্যপ্রদেশ কর্মচারী চয়ন মণ্ডল (MPESB)। নার্সিং অফিসার এবং সিস্টার টিউটর পদে মোট ২৩১৭টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামীকাল, ৬ এপ্রিল ২০২৬ থেকে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য ২৫ এপ্রিল পর্যন্ত সময় পাবেন চাকরিপ্রার্থীরা।
নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী ১৫ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি দুটি শিফটে নেওয়া হবে—প্রথমটি সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয়টি বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত। ১০০ নম্বরের এই পরীক্ষায় সাধারণ জ্ঞান, হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ মানসিক দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে প্রশ্ন থাকবে। পরীক্ষার জন্য মোট ২ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে।
এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত কোনো বোর্ড থেকে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যাসহ উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের বিএসসি (B.Sc) নার্সিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে বিশেষ ছাড় পাবেন।
আবেদনের ফি বাবদ অসংরক্ষিত প্রার্থীদের ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে। যোগ্য প্রার্থীরা মধ্যপ্রদেশ কর্মচারী চয়ন মণ্ডলের অফিসিয়াল ওয়েবসাইট esb.mp.gov.in-এ গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। স্বল্প সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে কমিশন, তাই শেষ মুহূর্তের ভিড় এড়াতে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।