পরকীয়া ডেটিং অ্যাপে মজে ভারতের ৪০ লক্ষ মানুষ, শীর্ষে কোন শহর জেনে নিন
ডিজিটাল যুগে সম্পর্কের সংজ্ঞা পাল্টাচ্ছে দ্রুত গতিতে। বিবাহিত বা দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য তৈরি বিশেষ ডেটিং প্ল্যাটফর্ম গ্লিডেনে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ৪০ লক্ষেরও বেশি ভারতীয়। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ব্যবহারকারীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ মহিলা। আধুনিক সম্পর্কের এই নীরব পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতার প্রশ্নে অনেক ভারতীয়ই এখন নতুন পথে হাঁটছেন। পেশাগত স্থিতিশীলতা এবং ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিয়ে দিন দিন বাড়ছে এই অ্যাপের জনপ্রিয়তা।
ব্যবহারকারীদের সক্রিয়তা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় দুপুর ১২টা থেকে ৩টে এবং রাত ১০টার পর। প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এই ধারায় তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু, যেখানে মোট ব্যবহারকারীর ১৮ শতাংশ বসবাস করেন। এর পরেই রয়েছে হায়দরাবাদ, দিল্লি, মুম্বই ও পুনের মতো শহর। তবে এখন শুধু মেট্রো শহর নয়, লখনউ, পাটনা বা গুয়াহাটির মতো দ্বিতীয় সারির শহরগুলোতেও পরকীয়া ডেটিং অ্যাপ ব্যবহারের প্রবণতা নাটকীয়ভাবে বাড়ছে। যা ভারতীয় সমাজ ব্যবস্থার আধুনিক সম্পর্কের জটিল দিকটিকেই তুলে ধরছে।