পুরস্কারের আশায় বদলে গেল ছবি, ঝগড়া ছেড়ে এখন দিনরাত শাশুড়ির সেবা করছেন বউরা

মধ্যপ্রদেশের সিধি জেলার পনওয়ার চৌহানন গ্রামে পারিবারিক অশান্তি রুখতে এক অভিনব নজির গড়েছেন গ্রামবাসীরা। দীর্ঘ দিন ধরে গ্রামে শাশুড়ি ও পুত্রবধূদের মধ্যেকার তিক্ততা এবং ঝগড়া সামাজিক সমস্যায় পরিণত হয়েছিল। এই পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত ও গ্রামবাসীরা সম্মিলিতভাবে এক বিশেষ পুরস্কারের ঘোষণা করেন। নিয়ম করা হয়, যে পুত্রবধূ তার শ্বশুর-শাশুড়ির সবচেয়ে ভালো সেবা করবেন, তাকে গ্রামবাসীর সামনে বড় পুরস্কারে সম্মানিত করা হবে।
গ্রাম পঞ্চায়েতের এই সৃজনশীল উদ্যোগ দারুণভাবে সফল হয়েছে। গত ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে দেখা যাচ্ছে, পুরস্কার এবং সম্মানের টানে এখন গ্রামের প্রতিটি ঘরে পুত্রবধূরা তাদের শ্বশুর-শাশুড়ির প্রতি অত্যন্ত যত্নশীল হয়ে উঠেছেন। এই প্রক্রিয়াটি তদারকি করার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। প্রতি বছর ১৫ আগস্ট এবং ২৬ জানুয়ারি এই সম্মানের জন্য সেরা পুত্রবধূকে নির্বাচন করা হবে। ইতিবাচক এই পদক্ষেপের ফলে গত দুই মাসে গ্রামের পারিবারিক কলহ প্রায় বন্ধ হয়ে গেছে।
ইতিমধ্যেই এই সম্মানে ভূষিত হয়েছেন ৩৫ বছর বয়সী রাজকুমারী যাদব। ২০২১ সালে তার শ্বশুর শিবনাথ যাদব হৃদরোগে আক্রান্ত হলে স্বামীর অনুপস্থিতিতে রাজকুমারী অত্যন্ত সাহসের সাথে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জবলপুরের হাসপাতালে নিয়ে যান। তার এই আন্তরিক প্রচেষ্টায় শ্বশুরের প্রাণ বাঁচে। রাজকুমারীর এই দৃষ্টান্ত এখন গ্রামের অন্যান্য মহিলাদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে গ্রামের প্রতিটি পুত্রবধূ একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেবা ও যত্নে সেরা হওয়ার জন্য।