পোষ্য কুকুরের ভালোবাসা থেকে ছড়ালো প্রাণঘাতী বিষক্রিয়া, যার জেরে খোয়া গেল চারটি অঙ্গ

এক নিমিষেই বদলে গেল ৫৬ বছর বয়সি মনজিৎ সাংঘার জীবন। পোষ্য কুকুরের সামান্য চাট থেকে শরীরে ছড়িয়ে পড়া ভয়াবহ সেপসিস সংক্রমণে একে একে অকেজো হতে থাকে তাঁর অঙ্গপ্রত্যঙ্গ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন থাকাকালীন তাঁর হৃদ্যন্ত্র ছয় বার কাজ করা বন্ধ করে দেয়। দীর্ঘ লড়াইয়ের পর জীবন ফিরে পেলেও চিকিৎসকদের বাধ্য হয়ে তাঁর দুই হাত ও দুই পা কেটে বাদ দিতে হয়েছে।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মনজিৎ জানান, সাধারণ একটি আঁচড়ে কুকুরের লালা লেগে এই প্রাণঘাতী সংক্রমণ হতে পারে যা যে কারও সঙ্গেই ঘটা সম্ভব। ৩২ সপ্তাহ যমে-মানুষে টানাটানি চলার পর তিনি এখন সুস্থ হলেও পঙ্গুত্ব বরণ করতে হয়েছে তাঁকে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তিনি সকলকে পশুর সংস্পর্শে থাকার বিষয়ে সতর্ক করেছেন। বর্তমানে কৃত্রিম অঙ্গের সাহায্যে পুনরায় স্বাভাবিক জীবনে ফেরার সংকল্প নিয়ে লড়ছেন এই অদম্য নারী।