বিয়ের দুবছর পর মা হওয়ায় স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে সন্তানকে অস্বীকার করলেন স্বামী

উত্তরপ্রদেশের বেরিলিতে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। ইজ্জতনগর থানা এলাকার এক গৃহবধূ বিয়ের দুই বছর পর মা হওয়ার পর থেকেই শুরু হয়েছে পারিবারিক বিবাদ। স্বামীর দাবি, তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি, তাই এই সন্তান তার হতে পারে না। এই অভিযোগ তুলে তিনি সন্তানকে নিজের নাম দিতে অস্বীকার করেন এবং স্ত্রীর চরিত্রে কলঙ্ক লেপন করেন। এমনকি স্ত্রীকে ভাড়া বাড়িতে একা ফেলে তিনি নিজের বাড়িতে চলে যান বলেও অভিযোগ উঠেছে।
অন্যদিকে, নির্যাতিতা গৃহবধূ স্বামীর এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তার পাল্টা অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল। শাশুড়ির হস্তক্ষেপে দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হলেও এখন তাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করতেই এই ধরনের কুৎসা রটানো হচ্ছে। নিরুপায় হয়ে ওই নারী তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।