ব্লু ড্রামে পুরে হত্যার হুমকি সইতে না পেরে স্ত্রীর থেকে মুক্তি চাইলেন স্বামী

ব্লু ড্রামে পুরে হত্যার হুমকি সইতে না পেরে স্ত্রীর থেকে মুক্তি চাইলেন স্বামী

উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক চাঞ্চল্যকর ঘটনায় পরকীয়ার জেরে ঘর ভাঙল রাজকুমার নামে এক দিনমজুরের। সাত বছরের দাম্পত্য ও একটি সন্তান থাকা সত্ত্বেও রাজকুমারের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া এক যুবকের প্রেমে মজেছিলেন। সম্প্রতি স্বামীর অমতে প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেন ওই নারী। রাজকুমার এর প্রতিবাদ করলে তাঁকে এবং তাঁর ভাইদের ‘সিমেন্ট ও ব্লু ড্রাম’ কায়দায় খুনের হুমকি দেওয়া হয়। ভয়াবহ এই পরিণতির আশঙ্কায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন আতঙ্কিত ওই ব্যক্তি।

ঘটনাটি পুলিশি মধ্যস্থতা সেলে পৌঁছালে সেখানে নাটকীয় মোড় নেয়। শুনানির সময় ওই নারী স্পষ্ট জানিয়ে দেন যে তিনি স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গেই থাকতে চান। নিজের জীবন বাঁচাতে এবং স্ত্রীর জেদের কাছে নতি স্বীকার করে রাজকুমার অবশেষে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। গত জুলাই মাস থেকেই স্ত্রী বাপের বাড়ি যাওয়ার নাম করে প্রেমিকের সঙ্গে থাকছিলেন বলে অভিযোগ। বর্তমানে বিষয়টি আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও খুনের হুমকির বিষয়টি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *