ভারত সফরের পরই পাকিস্তান সফরে বাংলাদেশের গোয়েন্দা প্রধান কাইজার রশিদ চৌধুরী

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত গোপনীয় বৈঠকের রেশ কাটতে না কাটতেই নতুন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, ভারত সফরের মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে এবার পাকিস্তানে পাড়ি দিয়েছেন বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) নবনিযুক্ত ডিজি মেজর জেনারেল কাইজার রশিদ চৌধুরী। সংবাদমাধ্যম নর্থ-ইস্ট নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামাবাদ সফরে তিনি পাকিস্তান সেনাবাহিনী এবং সে দেশের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআই-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে পারেন।
সম্প্রতি বাংলাদেশে ক্ষমতার রদবদলের পর সামরিক বাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি কাইজার রশিদ চৌধুরীকে ডিজিএফআই-এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি রাইসিনা ডায়ালগ সংলগ্ন বার্ষিক সুরক্ষা কনক্লেভে যোগ দিতে দিল্লি সফরে গিয়েছিলেন। সেই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ইনটেলিজেন্স লেফটেন্যান্ট জেনারেল আরএস রহমানের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এমনকি ভারতের বর্তমান ‘র’ প্রধান পরাগ জৈনের আমন্ত্রণে একটি নৈশভোজেও অংশ নেন তিনি।
আঞ্চলিক নিরাপত্তার প্রেক্ষাপটে বাংলাদেশের গোয়েন্দা প্রধানের এই ধারাবাহিক ভারত ও পাকিস্তান সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ায় ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করার মাঝেই বাংলাদেশের এই গোয়েন্দা প্রধানের পাকিস্তান সফর দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, সেদিকেই এখন নজর রাখছেন বিশ্লেষকরা।