৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজ প্রণালী না খুললে ইরানের ওপর নামবে নরক

৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি ট্রাম্পের, হরমুজ প্রণালী না খুললে ইরানের ওপর নামবে নরক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে নতুন করে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন। তেহরান যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী না খোলে, তবে তাদের ওপর “নরক নেমে আসবে” বলে সাফ জানিয়েছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, চুক্তি সম্পাদন বা প্রণালীটি উন্মুক্ত করার জন্য ইরানকে দশ দিন সময় দেওয়া হয়েছিল। এখন সময় প্রায় শেষ এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে দেশটিকে ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।

এর আগে ট্রাম্প আলোচনার স্বার্থে হরমুজ প্রণালী খোলার সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছিলেন। তবে এই সংঘাতের শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য এবং বক্তব্যে বারবার পরিবর্তন দেখা গিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার সময় মূল লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস করা এবং পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করা। কিন্তু যুদ্ধের পাঁচ সপ্তাহ পার হওয়ার পর তেলের রাজনীতি এবং সামরিক হামলা নিয়ে ট্রাম্পের অবস্থানে একাধিকবার স্ববিরোধিতা লক্ষ্য করা গেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় ৫০,০০০ মার্কিন সৈন্য মোতায়েন থাকলেও অভিযানের ধরণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

ট্রাম্পের দেওয়া প্রস্তাবগুলোকে ইরান ইতিমধ্যে ‘অবাস্তব, অযৌক্তিক এবং অতিরিক্ত’ বলে প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ‘১৫-দফা উত্তেজনা হ্রাস পরিকল্পনা’ তেহরানের কাছে একতরফা ও আত্মসমর্পণের শামিল বলে মনে হয়েছে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী সঈদ আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকার করেননি। তবে যেকোনো আলোচনার ক্ষেত্রে চলমান সংঘাতের একটি নির্দিষ্ট ও স্থায়ী সমাধান থাকা প্রয়োজন। পাকিস্তান ও চিন ইরানকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চালিয়ে গেলেও তেহরান এখনও চূড়ান্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি। ফলে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *