মাছের কাঁটা বাছার ঝামেলা শেষ এবার মিলবে ল্যাবরেটরিতে তৈরি বিশেষ মাছ

মাছে-ভাতে বাঙালির মতোই মাছের প্রতি গভীর টান রয়েছে চিনা জনগণেরও। কিন্তু মাছের কাঁটা বাছার চিরস্থায়ী সমস্যা সমাধানে এবার অভাবনীয় সাফল্য পেলেন চিনা বিজ্ঞানীরা। তারা গবেষণাগারে কৃত্রিমভাবে এমন এক প্রজাতির মাছ তৈরি করেছেন যাতে কোনও ক্ষুদ্র কাঁটা নেই। চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের গবেষকরা দীর্ঘ ছয় বছরের চেষ্টায় জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে এই ‘ঝংকে নং ৬’ নামক নতুন জাতের মাছটি উদ্ভাবন করেছেন।
মেডিক্যাল জার্নাল অ্যাকোয়াকালচারে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশেষ এক জিন পরিবর্তনের মাধ্যমে এই মাছের ক্ষুদ্র হাড়ের গঠন আটকে দেওয়া হয়েছে। গবেষকরা জানিয়েছেন, এই মাছ সাধারণ মাছের তুলনায় ২৫ শতাংশ দ্রুত বৃদ্ধি পায় এবং এতে পুষ্টিগুণ অটুট থাকে। তবে পরিবেশগত ভারসাম্যের কথা মাথায় রেখে এই মাছগুলিকে প্রজনন অক্ষম করে রাখা হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের এই বিস্ময়কর উদ্ভাবন নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।