বন্ধুত্বের আড়ালে ভয়ংকর চক্রান্ত, অপারেশন করে প্রিয় বন্ধুর লিঙ্গ পরিবর্তন করিয়ে পাশবিক অত্যাচারের অভিযোগ

মধ্যপ্রদেশের নর্মদাপুরমে বন্ধুত্বের সম্পর্ককে কালিমালিপ্ত করে এক যুবকের লিঙ্গ পরিবর্তন করানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে শুভম যাদব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, শুভম ওই যুবককে মাদক খাইয়ে ও তন্ত্রবিদ্যার ভয় দেখিয়ে জিম্মি করে রাখে এবং ইন্দোরে নিয়ে গিয়ে জোরপূর্বক অস্ত্রোপচারের মাধ্যমে তার লিঙ্গ পরিবর্তন করায়। এমনকি অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীর নাম বদলে ‘টুইঙ্কল’ রেখে জাল পরিচয়পত্রও তৈরি করে। দীর্ঘ ১৮ দিন আটকে রেখে তার ওপর অমানবিক শারীরিক ও যৌন নির্যাতন চালানো হয় বলে পুলিশকে জানানো হয়েছে।
ঘটনার পর লোকলজ্জা ও সামাজিক অপমানের ভয়ে ওই যুবক প্রায় ছয় মাস গৃহবন্দী ছিলেন। অবশেষে সাহস জুটিয়ে তিনি ভূপাল পুলিশের দ্বারস্থ হলে বিষয়টি প্রকাশ্যে আসে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত শুভম তাকে প্রাণনাশের হুমকি দিয়ে এই ঘটনা দুর্ঘটনার নাম করে চালিয়ে দেওয়ার চাপ দিচ্ছিল। বর্তমানে নর্মদাপুরম কোতোয়ালি পুলিশ জিরো এফআইআরের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে অভিযুক্তের সন্ধানে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালানো হচ্ছে।