রাত তিনটেয় বারান্দায় বন্দি দুই বন্ধু! ডেলিভারি পার্টনারের হস্তক্ষেপেই হলো শেষরক্ষা

পুণের দুই বন্ধু মাঝরাতে নিজেদের বাড়ির বারান্দায় আটকা পড়ে এক অদ্ভুত বিপাকে পড়েন। রাত ৩টের দিকে দুর্ঘটনাক্রমে বারান্দার দরজা লক হয়ে যাওয়ায় ঘরে ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। ভেতরে বাবা-মা ঘুমানোর কারণে তাঁদের না জাগিয়ে অভিনব এক বুদ্ধি খাটান ওই দুই যুবক। তাঁরা অনলাইন ডেলিভারি অ্যাপ ব্লিঙ্কিটে কিছু পণ্য অর্ডার করেন এবং ডেলিভারি বয়কে ফোন করে নিজেদের অসহায় পরিস্থিতির কথা জানান।
ডেলিভারি পার্টনার ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবকরা তাঁকে ফোনে বাড়ির অতিরিক্ত চাবিটি খুঁজে বের করার নির্দেশ দেন। অত্যন্ত সতর্কতার সঙ্গে কোনো শব্দ না করে ডেলিভারি বয় চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে প্রবেশ করেন এবং বারান্দার তালা খুলে তাঁদের মুক্ত করেন। এই শ্বাসরুদ্ধকর ও মজার ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই ডেলিভারি পার্টনারের দায়িত্ববোধ ও বুদ্ধিমত্তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।