ভারতীয় এই গ্রামে বিদেশিদেরই দাপট, ঘর ভাড়া নিয়ে মাসের পর মাস কাটান তারা

হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এক রহস্যময় গ্রাম ধর্মকোট যেখানে পা রাখলে মনে হবে আপনি ভারতের বাইরে অন্য কোনো দেশে পৌঁছে গিয়েছেন। এই গ্রামটি পর্যটন মহলে ‘মিনি ইজরায়েল ইন ইন্ডিয়া’ নামেও বেশ পরিচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ট্রাভেল ব্লগারের ভিডিওর মাধ্যমে গ্রামটির বিশেষত্ব নতুন করে সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে ভারতীয়দের তুলনায় সেখানে বিদেশি নাগরিকদের ভিড়ই সবথেকে বেশি।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ধর্মকোটে ইজরায়েলি পর্যটকদের আনাগোনা সবথেকে বেশি থাকে এবং তারা স্থানীয় কটেজ বা ঘর মাসের পর মাস ভাড়া নিয়ে এখানেই বসবাস করেন। মূলত নির্জনতা এবং পাহাড়ের শান্ত পরিবেশের টানেই বিদেশিরা এই গ্রামটিকে তাদের দীর্ঘমেয়াদী বসবাসের ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন। মনোরম জলবায়ু আর বিদেশি সংস্কৃতির মিশেলে এই গ্রামটি এখন ভারতের মানচিত্রে এক অনন্য পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।