পৌষের হাড়কাঁপানো কামড় না কি বসন্তের ইঙ্গিত? আগামী কয়েকদিনেই বড় বদল আবহাওয়ায়!

মাঘের শুরুতেও রাজ্যজুড়ে অব্যাহত রয়েছে পৌষের হাড়কাঁপানো ঠান্ডার দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাবে সোমবার পর্যন্ত রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে সপ্তাহান্তে জাঁকিয়ে শীত উপভোগ করবেন বঙ্গবাসী। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আপাতত আকাশ শুষ্ক থাকলেও ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে।
তবে উইকেন্ডে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে নদীয়া, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানসহ বেশ কিছু জেলায় ঘন কুয়াশা দেখা দিতে পারে। যদিও আগামী সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার ইঙ্গিত মিলেছে। আবহাওয়া অফিসের মতে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে মনোরম রোদঝলমলে দিনের পাশাপাশি রাতের দিকে শীতের আমেজ অটুট থাকবে আগামী কয়েক দিন।