রাতের আকাশে চারটি চাঁদ! সেন্ট পিটার্সবার্গের মহাজাগতিক বিস্ময়ে থমকে গেল দুনিয়া
February 2, 20264:45 pm

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের রাতের আকাশে দেখা গেল এক বিরল ও রূপকথার মতো দৃশ্য। আকাশে একটি নয়, বরং একসাথে চারটি চাঁদের উপস্থিতি দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মূলত একটি আসল চাঁদের পাশে আরও তিনটি উজ্জ্বল আলোর প্রতিচ্ছবি তৈরি হওয়ায় পুরো শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই মহাজাগতিক মুহূর্তের ছবি ও ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল।
বিজ্ঞানীদের মতে, এই বিস্ময়কর ঘটনার নাম ‘প্যারাসেলেনি’ বা ‘মুন ডগ’। আকাশের উঁচুতে থাকা বরফকণার মধ্য দিয়ে চাঁদের আলো প্রতিসরিত হয়ে এই অনন্য আলোকবিভ্রম সৃষ্টি করেছে। বরফকণাগুলো আয়নার মতো কাজ করায় মূল চাঁদের পাশে এমন নাটকীয় প্রতিচ্ছবি তৈরি হয়। নাসার তথ্য অনুযায়ী, আবহাওয়া ও বরফকণার বিশেষ বিন্যাসের কারণেই সেন্ট পিটার্সবার্গের আকাশ এমন মায়াবী ও অপার্থিব রূপ ধারণ করেছিল।