১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক: এটিএম পরিষেবা কি স্বাভাবিক থাকবে?
February 11, 20266:52 pm

নতুন শ্রম কোড বাতিল, ব্যাঙ্ক বেসরকারিকরণ রুখতে এবং সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক কর্মী সংগঠন। ইন্টাক, সিটু ও এআইটিইউসি-র মতো শীর্ষ ইউনিয়নগুলোর ডাকা এই কর্মসূচির জেরে ওই দিন দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা আংশিক ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত চেক ক্লিয়ারেন্স ও নগদ লেনদেনে সমস্যা হতে পারে।
ব্যাঙ্ক ধর্মঘটের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলো একই দিনে ভারত বনধের ডাক দেওয়ায় জনজীবনেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, একদিনের ধর্মঘটে এটিএম পরিষেবা বন্ধ হওয়ার সম্ভাবনা কম। দীর্ঘমেয়াদী ধর্মঘট না হওয়ায় নগদ উত্তোলনে বড় কোনো সমস্যার পূর্বাভাস নেই। তবুও সাধারণ মানুষকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আর্থিক লেনদেন সংক্রান্ত জরুরি কাজ আগেভাগেই সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।