রাত জেগে টিভি, জাঙ্ক ফুডেও ভরসা! তবু ১০১-এ সুস্থ—কোন গোপন মন্ত্র লুকিয়ে?

প্রচলিত স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে ১০১ বছর বয়সেও সুস্থ ও প্রাণবন্ত রয়েছেন চিনের ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা জিয়াং ইউকুইন। সাধারণত দীর্ঘায়ু পেতে চিকিৎসকরা সময়মতো ঘুম ও সুষম আহারের পরামর্শ দিলেও জিয়াংয়ের জীবনযাত্রা একেবারে ভিন্ন। তিনি প্রতিদিন রাত ২টো পর্যন্ত টিভি দেখেন এবং পরদিন সকাল ১০টায় ঘুম থেকে ওঠেন। তাঁর খাদ্যতালিকায় নিয়মিত স্থান পায় চিপস, বিস্কুট ও স্থানীয় পেস্ট্রি মাতিসং-এর মতো হালকা খাবার।
জিয়াংয়ের এই ব্যতিক্রমী রুটিন শুরু হয় দু’বছর আগে একটি অস্ত্রোপচারের পর থেকে। পরিবারের সদস্যরা তাঁকে ঘরের কাজ থেকে অব্যাহতি দিলে তিনি দিনের অনেকটা সময় ঘুমিয়ে কাটান, যার ফলে রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস তৈরি হয়। তবে গভীর ঘুম এবং প্রতিদিন গ্রিন টি পান করা তাঁর সুস্থতার অন্যতম প্রধান কারণ। অদ্ভুতভাবে, এই বয়সেও তাঁর দাঁতের কোনো সমস্যা নেই; এর পেছনে ধীরস্থিরভাবে চিবিয়ে খাবার খাওয়ার অভ্যাস কাজ করে বলে জানান তাঁর কন্যা।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া জিয়াংয়ের দীর্ঘ জীবনের মূল মন্ত্র হলো অদম্য মানসিক শান্তি ও ধৈর্য। পরিবারের মতে, তিনি কখনও রাগ করেন না বা মনে কষ্ট পুষে রাখেন না। কোনো কঠোর ফিটনেস রুলবুক মেনে নয়, বরং হাসিখুশি থাকা এবং উদ্বেগহীন জীবনযাপনই তাঁকে শতায়ু হতে সাহায্য করেছে। তাঁর এই অনুপ্রেরণামূলক গল্প প্রমাণ করে যে, সঠিক মনোভাব ও মানসিক সুস্থতা শারীরিক ফিটনেসের চেয়েও বেশি কার্যকর হতে পারে।