বিছানায় গয়না, পোশাক আর সাপের খোলস—তরুণী কি সত্যিই ‘নাগিন’ হয়ে উধাও? গ্রামে চাঞ্চল্য!

উত্তরপ্রদেশের ঔরাইয়া জেলার সিঙ্গনপুর গ্রামে ২০ বছর বয়সী এক তরুণীর রহস্যজনক অন্তর্ধান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে নিজের ঘর থেকে নিখোঁজ হন ওই তরুণী। তবে তাঁর বিছানায় অক্ষত অবস্থায় পড়ে ছিল গতরাতের পোশাক ও গয়না, যার পাশেই উদ্ধার হয়েছে প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাপের খোলস। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে ‘ইচ্ছেধারী নাগিন’ সংক্রান্ত কুসংস্কার ও অলৌকিক গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ে।
পরিবারের দাবি, ওই ঘরে আগেও সাপ দেখা যেত এবং মেঝেতে একটি গর্তও পাওয়া গিয়েছে। শোকার্ত পরিবার মেয়েটিকে ফিরে পেতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। এদিকে অজিতমল সার্কেল অফিসার মনোজ গঙ্গওয়ারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তরুণীর সন্ধানে একাধিক পুলিশি দল গঠন করা হয়েছে।
পুলিশ অলৌকিক ঘটনার তত্ত্ব সরাসরি খারিজ করে একে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বলে অভিহিত করেছে। তদন্তকারীদের ধারণা, তদন্তের মোড় ঘোরাতে পরিকল্পিতভাবে সাপের খোলস রাখা হতে পারে। বর্তমানে পুলিশ কল রেকর্ড ও ডিজিটাল সূত্র খতিয়ে দেখছে। এটি প্রেমঘটিত কোনো বিষয় নাকি তরুণী নিজেই কোথাও আত্মগোপন করেছেন, তা খতিয়ে দেখে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।