চলন্ত ট্রেনের পাশে প্ল্যাটফর্মে স্কেটবোর্ড নিয়ে তরুণীর কেরামতি, ভাইরাল ভিডিও ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

চলন্ত ট্রেনের পাশে প্ল্যাটফর্মে স্কেটবোর্ড নিয়ে তরুণীর কেরামতি, ভাইরাল ভিডিও ঘিরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মুম্বইয়ের দিভা স্টেশনের প্ল্যাটফর্মে এক তরুণীর বিপজ্জনক স্কেটবোর্ডিংয়ের ভিডিও সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পিঠে ব্যাগ নিয়ে খোলা চুলে ওই তরুণী অত্যন্ত দ্রুতগতিতে স্কেটবোর্ড চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই তাঁর পাশ দিয়ে একটি লোকাল ট্রেন দ্রুতবেগে বেরিয়ে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে রিল বানানোর এই প্রচেষ্টা দেখে নেটিজেনরা স্তম্ভিত।

জানা গিয়েছে, ওই তরুণী মুম্বইয়ের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে স্কেটবোর্ডিং শিখেছেন। ভিডিওটি ধারণ করার সময় তাঁর এক বন্ধু ক্যামেরা হাতে সহযোগিতা করছিলেন। প্ল্যাটফর্মে যখন ট্রেন চলাচল করছিল, তখন কোনো নিরাপত্তা সরঞ্জাম বা হেলমেট ছাড়াই তিনি এই কসরত প্রদর্শন করেন। রিল বানানোর নেশায় এমন উদাসীন আচরণে হতবাক প্রত্যক্ষদর্শীরাও।

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ এই দায়িত্বজ্ঞানহীন কাজের তীব্র সমালোচনা করে জানিয়েছেন, রেলস্টেশন কেরামতি দেখানোর জায়গা নয়। সামান্য অসতর্কতায় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। প্রশাসনকে এই বিষয়ে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *