খোরপোশ এড়াতে ৬ কোটির চাকরি ছাড়লেন স্বামী, কড়া সাজা শোনাল আদালত

স্ত্রীর খোরপোশ বাবদ মোটা অঙ্কের টাকা এড়াতে নিজের উচ্চবেতনের চাকরি ছেড়ে দিলেন এক ব্যক্তি। কানাডার বাসিন্দা ওই ব্যক্তি সিঙ্গাপুরের একটি বহুজাতিক সংস্থায় বার্ষিক প্রায় ৮ লক্ষ ৬০ হাজার ডলার বেতনে কর্মরত ছিলেন। ২০২৩ সালে চার সন্তান ও স্ত্রীকে রেখে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার পর মামলাটি আদালতে গড়ায়। নিজেকে ‘দরিদ্র’ প্রমাণ করতে তিনি পরিকল্পিতভাবে পদত্যাগ করে কানাডায় ফিরে গিয়ে স্বল্প বেতনের কাজ শুরু করেন।
আদালতে প্রথমে তিনি মাসিক প্রায় ১৫.৫ লক্ষ টাকা খোরপোশ দিতে রাজি হলেও পরবর্তীতে সেই পরিমাণ কমিয়ে দেওয়ার আবেদন করেন। তার যুক্তি ছিল, পরিবার কানাডায় ফিরে যাওয়ায় শিক্ষা ও স্বাস্থ্যের খরচ কমে গিয়েছে। এমনকি আইনি জটিলতা এড়াতে তিনি আদালতে হাজিরা দেওয়া বন্ধ করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। তবে এই চাতুরি আদালতের নজর এড়ায়নি।
সিঙ্গাপুরের পরিবার আদালত ওই ব্যক্তিকে কঠোর নির্দেশ দিয়ে জানিয়েছে যে, বকেয়াসহ প্রায় ৫ কোটি ৮৩ লক্ষ টাকা খোরপোশ মেটাতে হবে। বিচারক স্পষ্টভাবে জানান, দায়িত্বশীল স্বামী হিসেবে তার উচিত ছিল পরিবারের ভরণপোষণের সক্ষমতা বজায় রাখা। শুধুমাত্র দায় এড়ানোর জন্য চাকরি ছাড়ার কৌশলকে গ্রহণ করেনি আদালত। পাশাপাশি আদালত স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাকেও কর্মসংস্থানের চেষ্টা করার পরামর্শ দিয়েছে।