সোফার ভেতর থেকে অদ্ভুত শব্দ! খুলতেই যা দেখলেন দম্পতি, বিশ্বাস করতে পারেননি নিজের চোখকেও

সোফার ভেতর থেকে অদ্ভুত শব্দ! খুলতেই যা দেখলেন দম্পতি, বিশ্বাস করতে পারেননি নিজের চোখকেও

সাশ্রয়ের কথা ভেবে স্বামীর সহকর্মীর থেকে একটি পুরনো সোফা কিনে বিপাকে পড়লেন সামান্থা হার্ডিন ও তাঁর স্বামী। লিভিং রুমে নতুন আসবাবটি সাজানোর পর থেকেই শুরু হয় অদ্ভুত বিপত্তি। দম্পতির পোষা কুকুরগুলো বারবার সোফাটি শুঁকতে থাকে এবং ঘর নিস্তব্ধ হতেই ভেতর থেকে ভেসে আসতে শুরু করে রহস্যময় ক্ষীণ আওয়াজ। অলৌকিক কিছুর আশঙ্কায় দম্পতি আতঙ্কিত হয়ে পড়েন।

রহস্যভেদে সোফাটি উল্টে পরীক্ষা করতেই চক্ষু চড়কগাছ হয় তাঁদের। দেখা যায়, আসবাবের কাপড়ের খাঁজে লুকিয়ে আছে একটি জীবন্ত বিড়াল। আসলে সোফার পূর্ব মালিক যখন সেটি বিক্রি করেন, তখন তাঁর আদরের পোষ্য ‘চিটো’ অজান্তেই ভেতরে ঢুকে বসে ছিল। দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় সোফার নিচের অংশ কেটে বিড়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

পরদিন সকালে সামান্থা বিড়ালটিকে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন। নিজের হারানো পোষ্যকে ফিরে পেয়ে মালিক অত্যন্ত আনন্দিত হন। এই অদ্ভুত ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সামান্থা মজা করে জানিয়েছেন, পুরনো আসবাব কেনার আগে তা ভালো করে পরীক্ষা করে নেওয়া জরুরি। আপাতত ‘চিটো’ ঘরে ফিরলেও সেই রাতের আতঙ্ক এখনো কাটেনি দম্পতির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *