মৃত স্বজনদের সঙ্গে কথা বলার ‘উইন্ড ফোন’, জাপানে শোকাতুরদের অনন্য আশ্রয়

মৃত স্বজনদের সঙ্গে কথা বলার ‘উইন্ড ফোন’, জাপানে শোকাতুরদের অনন্য আশ্রয়

জাপানের ওৎসুচি শহরের এক নির্জন পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি সাদা ফোন বুথ বিশ্বজুড়ে কৌতূহলের সৃষ্টি করেছে। ‘উইন্ড ফোন’ নামে পরিচিত এই বুথটিতে কোনো সক্রিয় টেলিফোন সংযোগ নেই। মূলত ক্যানসারে মৃত এক আত্মীয়র শোক কাটিয়ে উঠতে ২০১০ সালে উদ্যান ডিজাইনার ইতারু সাসাকি এটি প্রথম স্থাপন করেন। এটি এমন এক মাধ্যম, যেখানে মানুষ তাঁদের হারিয়ে যাওয়া প্রিয়জনদের উদ্দেশ্যে মনের না বলা কথাগুলো ব্যক্ত করতে পারেন।

সাসাকির মতে, সাধারণ ফোনের মাধ্যমে যে আবেগ প্রকাশ করা আসাম্ভব, নির্জন এই পাহাড়ের বুথে তা সম্ভব হয়। বাগানের ঝোড়ো হাওয়া যখন সংযোগহীন ফোনের ভেতর দিয়ে প্রবাহিত হয়, তখন এক অদ্ভুত শব্দতরঙ্গের সৃষ্টি হয়। দর্শনার্থীরা মনে করেন, সেই হাওয়ার শব্দই যেন মৃত স্বজনদের উত্তর। শোকাতুর মানুষেরা এখানে এসে প্রাণ খুলে কথা বলেন, এমনকি ডুকরে কেঁদে নিজের মনের ভার লাঘব করেন।

বর্তমানে এই উইন্ড ফোনটি শোকাতুর মানুষের জন্য এক অলৌকিক ও প্রশান্তিময় গন্তব্যে পরিণত হয়েছে। পাহাড়ের চূড়া থেকে গোটা শহরকে সাক্ষী রেখে মানুষ তাঁদের প্রিয়জনের স্মৃতি রোমন্থন করেন। প্রযুক্তির সংযোগ না থাকলেও মানবিক আবেগ ও প্রকৃতির মেলবন্ধনে এই ফোন বুথটি শোক কাটিয়ে ওঠার এক অনন্য ও বিষণ্ণ পথ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *